চট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন
বন্দর নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কে ছয় তলা একটি ভবন হেলে পড়েছে।
বুধবার দুপুর ১টার দিকে ‘শোভন মঞ্জিল’ নামের ভবনটি হেলে পড়লে এর বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ।
ভবন মালিকের নাম মজিবুল হক।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে ভবনটি হেলে পড়তে শুরু করলে এর সব বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।
ভবনটিতে কয়েক জায়গার ফাটল দেখা দিয়েছে বলেও জানান তিনি।
দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটি ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছে।
ওসি আবুল মনসুর জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের প্রতিনিধি দল ঘটনাস্থলে গেলে ভবনটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
