রাজধানীতে বিজিবি মোতায়েন
আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর হরতাল এবং উত্তেজনার মধ্যে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে রাজধানীর সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার ২০ প্লাটুন বিজিবি সদস্য নামানো হয়েছে, যারা নিয়মিতভাবে বিভিন্ন রাস্তায় নিয়মিত টহল দেবে।”
এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন শহরে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা প্রশাসনের নিদের্শ অনুযায়ী তারা কাজ করবে বলে জানান তিনি।
সকালে জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির রায় দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
এর প্রতিবাদে জামায়াত বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে বিক্ষোভ থেকে বিভিন্ন স্থানে ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
