২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঁচার জন্যই আলীমের আত্মগোপন’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী আব্দুল আলীমের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামিপক্ষের আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 09:25 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট এএইচএম আহসানুল হক হেনা।

এদিন যুক্তিতর্কে আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে প্রথম তিনটি অভিযোগে প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরেন তিনি।

এর আগে সোমবার যুক্তিতর্ক উপস্থাপনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ‍পিস কমিটির চেয়ারম্যান ছিলেন না, সেসময় জয়পুরহাটে শান্তি কমিটি গঠিত হয় আব্বাস আলী খানের নেতৃত্বে। তিনি রাজাকার বাহিনীর সদস্যও ছিলেন না বলে দাবি করেন তিনি।

রোববার আলীমের পক্ষে যুক্তি উপস্থাপন করার সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আব্দুল আলীম ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি জীবন বাঁচাতে আত্মগোপন করেন।

বিএনপি’র একজন নেতা হওয়ায় তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে আব্দুল আলীমের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবীরা।

এর আগে চার দিন যুক্তি উপস্থাপনের করে গত ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হয়।

সমাপনী যুক্তিতর্কে প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, একাত্তর সালে আলীম একজন নেতা হিসেবে কাজ করেছেন। কাকে কোথায় হত্যা করা হবে তার নির্দেশ দিতেন আব্দুল আলীম। হত্যাযজ্ঞের সব কিছুই তার নির্দেশে হতো। এসব হত্যাযজ্ঞের অপরাধ সংঘটনের ক্ষেত্রে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর ‘দিকদর্শন যন্ত্র’ হিসেবে কাজ করেছেন আলীম।

গত ৪ সেপ্টেম্বর যুক্তিতর্কের শুরুতে তিনি আসামি আব্দুল আলীমের রাজনৈতিক জীবন ও সম্পৃক্ততা সম্পর্কে বলেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত।

ওইদিন প্রসিকিউটর রানা বলেন, “আব্দুল আলীম একটি প্রভাবশালী পরিবারের শিক্ষিত ছেলে হয়ে স্বজ্ঞানে একটি পক্ষ অবলম্বন করেছেন, যা ন্যায়ের পক্ষ নয়। মানবতাবিরোধী অপরাধের পক্ষ।”

প্রারম্ভিক বক্তব্য শেষে প্রসিকিউটর রানা দাসগুপ্ত জানিয়েছিলেন, ৪ ও ৫নং অভিযোগে কোনো সাক্ষী উপস্থাপন করা হয়নি। এরপর মোট ১৫ অভিযোগের ঘটনাভিত্তিক যুক্তি উপস্থাপন করেন তিনি।

আলীমের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষীসহ প্রসিকিউশনের ৩৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। পরে তার ছেলে সাজ্জাদ বিন আলীমসহ তিনজন সাফাই সাক্ষী তার পক্ষে সাক্ষ্য দেন।

গত বছরের ১১ জুন ৭ ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাটের ডা. আবুল কাশেম হত্যা ও ২৬ জন মুক্তিযোদ্ধার গণহত্যার সঙ্গে জড়িত থাকা, জয়পুরহাটের করাইকাদিপুর এলাকার গণহত্যাসহ চকপাড়া, জুড়িপাড়া, পালপাড়া, সোনাপাড়া এলাকায় ৩৮ জনকে হত্যা, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। এছাড়া ‘সুপিরিয়র রেসপনসিবিলিটির’ জন্যও অভিযুক্ত হয়েছেন আব্দুল আলীম।

২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও মঙ্গলবার ট্রাইব্যুনাল একাত্তরে স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আতাউর রহমান।

তিনি জানান, ২০১১ সালের ২৫ নভেম্বর তিনি চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে এ মামলার তদন্তভার গ্রহণ করেন।তদন্তকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ মোট ২৭ জনের জবানবন্দি নেন এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থলসমূহ পরিদর্শন করে মানচিত্র তৈরি করেন।

তদন্তকাজে বিভিন্ন সময় জব্দকৃত বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন, বই এবং অন্যান্য মোট ১২৭টি নথিপত্রের সত্যায়িত কপি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তিনি। এগুলোর মধ্যে মুঈনুদ্দীনের পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য ফেনী জেলার পুলিশ সুপারের (বিশেষ শাখার) প্রেরিত নথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে সংগৃহীত তার শিক্ষাগত যোগ্যতা বিষয়ক একটি নথিও রয়েছে।

তিনি আরো জানান, শহীদ চিকিৎসক ডা. ফজলে রাব্বির প্রবাসী মেয়ে ড. নুসরাত রাব্বি এবং ডা. আলীম চৌধুরীর প্রবাসী মেয়ে ডা. ফারজানা চৌধুরী নিপার জবানবন্দি গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০১৩ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যান।

সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা শুরু করেন পলাতক চৌধুরী মুঈনুদ্দীনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই টুনি।পরে জেরা অসমাপ্ত রেখে এ মামলার কার‌্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করে ট্রাইব্যুনাল।

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

গত ২ মে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশে না পাওয়ায় তাদের হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশও হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

১৫ জুলাই প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নি মাসুদা বানু রত্না।

আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। চৌধুরী মুঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।