চট্টগ্রামে আয়কর মেলার উদ্বোধন
চট্টগ্রামে আগের দিন আয়কর মেলা শুরু হলেও মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য বশির উদ্দিন আহমেদ সকালে নগরীর সড়ক ও জনপথ বিভাগের মাঠে এ মেলার উদ্বোধন করেন।
তিনি বলেন, আগে কর দেয়ার ইচ্ছা থাকলেও মানুষের মধ্যে ভীতি কাজ করতো। এখন অনলাইনে কর দেয়ার ব্যবস্থা থাকায় এ ভয়ভীতি দূর হয়েছে। এখন মোবাইলেও নিবন্ধনের সুযোগ আছে।
কর ব্যবস্থা অনলাইনে চলে আসায় মানুষের মনে উৎসাহ বেড়েছে বলেও মন্তব্য করেন এনবিআরের এই কর্মকর্তা।
তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে যতো বেশি কর দেয়া যাবে সরকার ততো বেশি শক্তিশালী হবে। এতে আপনার প্রতিও দায়বদ্ধ থাকবে।”
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার অপূর্ব কান্তি দাশ, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম কর ট্রাইব্যুনালের সদস্য রামেন্দ্র চন্দ্র বসাক, হায়দার খান, বন্ড কমিশনার আবদুল মান্নান শিকদার, কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট আপিল আদালতের সদস্য সৈয়দ জামাল কিবরিয়া, কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার জামাল হোসেন, মেলা কমিটির সচিব ও কর অঞ্চল- ২ এর অতিরিক্ত কমিশনার সৈয়দ মো. আবু দাউদ বক্তব্য রাখেন।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
মেলায় অনলাইনে কর নিবন্ধনের জন্য ৬০টি বুথ স্থাপন করা হয়েছে।
