ক্যাম্পাস সম্প্রসারণ চায় ডুয়েট শিক্ষার্থীরা
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে তারা জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মাসুম লিখিত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শতাধিক একর জমি থাকলেও ডুয়েটের জমি রয়েছে মাত্র ২০ একর।
“একটি মাত্র চারতলা ভবনের একইসঙ্গে শিক্ষা, দপ্তর ও শিক্ষকদের ব্যক্তিগত অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডুয়েটে শ্রেণিকক্ষের সংকট প্রকট।
শিক্ষার্থীরা দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
