হরতাল ডেকে গাড়িতে আগুন, ভাঙচুর
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর হরতাল ডেকে রাজধানীর বিজয়নগরে একটি প্রাইভেটকারে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা।
এছাড়া মগবাজার রেলগেট এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর এবং ধানমণ্ডিতে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার সন্দেহে পল্টন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবির কর্মী সন্দেহে নয় জনকে আটক করেছে পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িতে অগ্নিসংযোগ করতে পারে- এই সন্দেহ থেকে ওই নয় জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিজয়নগরে একটি কালো রঙের প্রাইভেট কার ভাংচুরের পর আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে।
অবশ্য ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর বিকাল পযর্ন্ত রাজধানীতে কোন আগুনের ঘটনা ঘটেনি।
বিকাল ৩টার দিকে মগবাজার রেলগেটের সামনে কয়েকটি গাড়ি ভাংচুর হয়। এর আগে দুপুর ২টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে একটি বাসের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।
ধানমণ্ডি জোনের পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস থেকেই যাত্রীবেশে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরণে ফলে কেউ আহত হয়নি।
