২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুছিয়ে কাজ করার পরামর্শ জয়ের

আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে পরিকল্পিত ও গুছিয়ে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে জয় বলেন, “নির্বাচন প্রস্তুতিতে করণীয় নিয়ে আমরা সভা করেছি। নির্বাচনে সবারই করণীয় আছে। আগামী নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ।”

“আমরা অর্ধেক পথ এগিয়েছি, অর্ধেক পথ বাকি। অবশিষ্ট উন্নয়নমূলক কাজ যেন শেষ করতে পারি এজন্য নির্বাচনে বিজয় দরকার। নির্বাচনে পরিকল্পিতভাবে ও গুছিয়ে এগোতে হবে। আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আছে। তারা এগিয়ে এলে আমাদের হারানো অসম্ভব। তবে এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।”

দলীয় সভায় কি সিদ্ধান্ত হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিকল্পনা নেয়া হয়েছে।”

বিভিন্ন অঞ্চলে ভবিষ্যতেও সফর চালু থাকবে কিনা- জানতে চাওয়া হলে জয় বলেন, “সফরের পরিকল্পনা আছে, দেশের যতটুকু অংশ সফর করা যায় সফর করবো। সফর চলছে এবং কয়েক সপ্তাহ পর আবার করবো।”

রুদ্ধদ্বার এ আলোচনার মধ্যেই জয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার কথা শেষ হলে পরে আবার আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজাক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, বিমানমন্ত্রী ফারুক খান, পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, দলের দপ্তর সম্পদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমেদ হোসেন, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাব্লিউ, শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি প্রমুখ।