“এবারের রায় যথার্থ”
ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজায় ক্ষুব্ধ সেক্টর কমান্ডার্স ফোরাম আপিল বিভাগের চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় বলেছে, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সর্বোচ্চ আদালত জামায়াত নেতার ফাঁসির আদেশ দিলে এর প্রতিক্রিয়ায় ফোরামের এক বিবৃতিতে বলা হয়, “যুদ্ধাপরাধের কোন মামলায় এটাই প্রথম চূড়ান্ত রায়। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।”
বিবৃতিতে বলা হয়, “সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ রায় যুগান্তকারী এবং দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সুবিশাল অবদান রাখবে। বিলম্বে হলেও এ রায়ে মুক্তিযুদ্ধের লাখো শহীদ, জাতীয় ইতিহাস ও জনপ্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।”
অবিলম্বে রায় কার্যকরের দাবিও জানানো হয় বিবৃতিতে।
এর আগে সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি কে এম সফিউল্লাহ বলেন, “এবার যথার্থ রায় হয়েছে।”
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না দিলে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
রায়ে অসন্তোষ জানিয়ে শাহবাগের আন্দোলনে সম্পৃক্ত হয় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গড়ে ওঠা সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরাম।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও দেশের প্রথম সেনাপ্রধান সফিউল্লাহ বলেন, “এবার জাতি প্রত্যাশিত রায় পেয়েছে। এ রায়ে আমরা হ্যাপি।”
আপিল বিভাগের চূড়ান্ত রায় দ্রুত কার্যকরের জন্য সরকারকে তাগিদও দিয়েছেন তিনি।
