সাইকেল চালিয়ে প্রচারণায় পরিবেশমন্ত্রী
দূষণ ও দখলের হাত থেকে বুড়িগঙ্গাকে বাঁচাতে সাইকেল চালিয়ে জনসচেতনতায় নেমেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সকালে শাহবাগে বুড়িগঙ্গাসহ দেশের সব নদীকে দূষণ মুক্ত করতে ‘আমার নদী, আমার জীবন’ নামে একটি ক্যাম্পেইনিং শোভাযাত্রায় অংশ নেন তিনি।
এ সময় তিনি সাইকেল চালিয়ে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত যান। তার সঙ্গে ছিলেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমসহ প্রায় শতাধিক সাইকেল অভিযাত্রী।
সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে হাছান মাহমুদ বলেন, “মানুষের শিরা-উপশিরা শুকিয়ে গেলে মানুষ যেমন বাঁচতে পারে না। ঠিক তেমনি নদীগুলো বাংলাদেশের শিরা-উপশিরা, বাংলাদেশের জীবন। কিন্তু শিল্পদূষণ, বর্জ্য দূষণের মাধ্যমে নদীগুলো বিলুপ্তির পথে।”
“বাংলাদেশকে সবুজ রাখতে, বাসযোগ্য করতে নদী রক্ষা করা প্রয়োজন। বুড়িগঙ্গা নদীতে বর্জ্য দূষণের মাত্রা আগের চেয়ে কমেছে। ঢাকা শহরের মানুষ যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলত, তাহলে ঢাকা আরও সুন্দর হত।”
সাইকেল শোভযাত্রাটিতে শতাধিক সাইকেল ও ১০টি ঘোড়ারগাড়ি অংশ নেয়। শোভাযাত্রাটি বুড়িগঙ্গার দ্বিতীয় চীন মৈত্রী সেতুতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আরো অংশ নেন পাখিবীদ শরীফ খান, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা আজাহারুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন মিলন, এভারেস্ট একাডেমির উপদেষ্টা এনায়েত হোসেন খান, ছড়াকার পাশা মোস্তফা কামাল, রবীন্দ্র সংগীত শিল্পী শহিদুল হক প্রমুখ।
