পদ্মায় নৌকাডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকজন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চর আলাতুলী ইউনিয়নের রেল বাজার ঘাটের সামনে এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি গ্রামের কুতুন মণ্ডলের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও একই গ্রামের সাহেব আলীর মেয়ে ইসরাত জাহান (৩)।
চর আলাতুলী ইউনিয়নের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, দুপুরে ৫০/৫৫ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা উপজেলার হাটপাড়া ঘাট থেকে বকচর রুটারিপাড়ার দিকে যাচ্ছিল।
রেল বাজার ঘাটের সামনে পদ্মার নদীর মাঝ পথে দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়।
এ সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন অন্য নৌকা নিয়ে গিয়ে দুই জনের মৃতদেহসহ যাত্রীদের উদ্ধার করে।
এছাড়া উপজেলার মহিশালবাড়ী গ্রামের সাদিকুল ইসলাম (৫০), তার স্ত্রী সেতারা (৪৫), মেয়ে সাদিকা (৮), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামের আতাউরের ছেলে শরিফুল (৩৪), মনিরের স্ত্রী সেতারা বেগম (৩০), আলিবুরের স্ত্রী নাজমা খাতুন (২৮) নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে।
নৌকার মাঝি চাঁন মিয়া বলেন, প্রচণ্ড স্রোেতের মধ্যে দমকা হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দমকল কর্মীরা পদ্মায় তল্লাশি করে নৌকা বা নিখোঁজদের কারো সন্ধ্যান পায়নি।
“প্রচন্ড স্রোতে নৌকাসহ অন্যরা ভেসে যেতে পারে।”
