বিএসএফের হাতে বাংলাদেশি আটক
পছন্দের মানুষকে দেখতে এসে অজান্তে’ কুড়িগ্রামের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় বিএসএফের হাতে আটক হয়েছেন কিশোরগঞ্জের এক যুবক।
শুক্রবার সকালে বিজিবি ওই যুবককে ফেরত চেয়ে চিঠি দিলে বিএসএফ জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক খায়রুল আলমকে (১৮) সেদেশের পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
খায়রুল কিশোরগঞ্জের সাওতা গ্রামের শামসুল আলমের ছেলে।
তিনি বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে আসেন।
তিলাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক জানান, মোবাইল ফোনের মাধ্যমে খায়রুলের সঙ্গে সীমান্তবর্তী ওই গ্রামের এক কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। ওই কিশোরীর সঙ্গে দেখা করতেই খায়রুল তার পরিবারকে না জানিয়ে কুড়িগ্রাম আসেন।
তিনি জানান, কিশোরীর পরিবার বিষয়টি বুঝতে পেরে খায়রুলকে আটকে রেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন আসছে জানতে পেরে খায়রুল আলম লজ্জায় পড়ে যায়।
শুক্রবার ভোরে সে কৌশলে পালিয়ে যায়, কিন্তু ভুল পথে মইদাম সীমান্ত পেরিয়ে ভারতের দীঘলটারী গ্রামে ঢুকে পড়ে।
পরে বিষয়টি বিজিবিকে জানানো হয় বলে জানান ইউপি চেয়ারম্যান নুরুল হক।
ঘটনার সত্যতা স্বীকার করে দিয়াডাঙ্গা বিজিবি সদর দপ্তরের সুবেদার ইমরান জানান, খবর পাবার পর দীঘলটারী বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়।
“কিন্তু বিএসএফ পক্ষ থেকে জানানো হয়েছে তাদের হাতে আটক যুবক খায়রুল আলমকে অনুপ্রবেশের দায়ে ভারতের দিনহাটা থানায় হস্তান্তর করা হয়েছে,” বলেন বিজিবি কর্মকর্তা।
