২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতি মাদ্রাসায় কূটনীতিক

কওমি মাদ্রাসা সম্পর্কে ‘জানতে’ হেফাজত ইসলামের  নেতা পরিচালিত একটি মাদ্রাসা ঘুরে এসেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার টিম বলটনিকফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর লালখান বাজার এলাকায় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় যান তিনি।

বিকাল সোয়া ৪টার দিকে ঢুকে এক ঘণ্টা পর মাদ্রাসা থেকে বেরিয়ে আসেন ডেপুটি হাইকমিশনার। তবে পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো বলতে চাননি তিনি।

পরে মাদ্রাসার পক্ষ থেকে বলটনিকফের পরিদর্শনের বিষয়ে কথা বলেন হেফাজতে ইসলামের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ সহ-সম্পাদক উবায়দুর রহমান খান নদভী।

তিনি বলেন, “কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে এবং আলিয়া ও কওমি মাদ্রাসার পার্থক্য বুঝতে ডেপুটি হাইকমিশনার এসেছিলেন।

নগরীর চান্দগাঁও এলাকার একটি মাদ্রাসায় অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে কম্পিউটার শিক্ষা দেয়াসহ  আধুনিক শিক্ষার একটি কর্মসূচি হাতে নেয়া হয়েছিল।

নদভী বলেন, তার সমাপনী অনুষ্ঠানে এসেছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার। তার হোটেলের কাছে হওয়ায় তিনি এই মাদ্রাসাও দেখতে আসেন।

কূটনীতিকদের সঙ্গে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আলিয়া মাদ্রাসার মতো সরকারি সহযোগিতা আমরা নিই না কেন, তা তিনি জানতে চেয়েছিলেন। কোনো উন্নয়নমূলক প্রোগ্রাম গ্রহণ করতে আমরা রাজি আছি কি না, তাও জানতে চেয়েছেন।

“আমরা বলেছি, সেটা যদি আদর্শিক হয়, ইসলামবিরোধী না হয়, আমরা নেব।”

হেফাজতে ইসলাম সম্পর্কে কিছু জানতে চেয়েছিলেন কি না- প্রশ্ন করা হলে নদভী বলেন, “যেহেতু এ মাদ্রাসার প্রিন্সিপ্যাল হেফাজত ইসলামের নেতা, সে হিসেবে হেফাজত সম্পর্কে দুই চারটি কথা চলে এসেছে।

“তবে দায়িত্ব নিয়ে বলার মতো কোনো আলোচনা হয়নি।”

শাপলা চত্বরের ঘটনা নিয়ে কিছু জানতে চেয়েছিল কি না- এ প্রশ্নের জবাবে নদভী বলেন, “এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, যতটুকু জানতে চেয়েছিলেন ততটুকু বলেছি।”

কূটনীতিকদের সঙ্গে আলোচনায় মুফতি ইজাহার ছাড়াও ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মহিব্বুল্লাহ বাবুনগরী,  কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদী, হারুন ইজাহার।