২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে ‘দুর্নীতিতে’ শাহাবুদ্দীন নাগরী

নিলামে গাড়ি বিক্রিতে দুর্নীতিতে শুল্ক কর্মকর্তা এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

একটি মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালতে শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ ১৩ জনের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল হয়।

কবি ও গীতিকার হিসেবে পরিচিত শাহাবুদ্দীন নাগরী ঘটনার সময়কাল ২০০৯ সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার ছিলেন।

তিনিসহ ১১ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই প্রতিবেদন দিয়েছেন দুদকের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন।

২০০৯ সালের ২ জুলাই বন্দর নগরীর মোহরা এলাকার মোহাম্মদ হাসান আলী নামে এক ব্যক্তি মহানগর দায়রা জজ আদালতে এই মামলা করেন।

আদালতের পিপি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদনটি বুধবার দুদক চট্টগ্রাম কার্যালয়ে এসে পৌঁছায়। বৃহস্পতিবার বিকালে তা আদালতে দাখিল করা হয়।

আদালতে আগামী ২৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের মধ্যে শাহাবুদ্দীন নাগরী ছাড়া শুল্ক বিভাগের অন্যরা হলেন- চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ সাজেদুল হক, সাবেক প্রিভেনটিভ অফিসার মো. বাহারুল আলম, বর্তমান এপ্রেইজার আবুল হাশিম প্রধান, সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার মো. আবু হায়দার, এসপিএস (নিলাম) এ কে এম ফজলুল হক, সাবেক এসপিএ (নিলাম) প্রভাস চন্দ্র তরফদার, সাবেক অফিস সহকারী কাজল নন্দি, সাবেক এপ্রেইজার এন কে বড়–য়া, সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার মো. আমিনুল ইসলাম ও সাবেক অতিরিক্ত কমিশনার মাশুক আল হোসাইন।

বাকি দুই জন হলেন ডলফিন বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের মালিক মো. রুহুল আমিন এবং মেসার্স টেন স্টার করপোরেশনের অন্যতম মালিক মো. ইমরান।

মামলাকারী হাসান আলী ২০০৯ সালের ২৫ জুন মাসে নিলামে একটি জাপানে তৈরি গাড়ি ৫ লাখ ৫২হাজার টাকায় কেনেন।

কেনার পর তা ছাড় করার সময় ১ লাখ টাকা ঘুষ দাবি এবং নিলামে বিক্রি হওয়া ওই গাড়ি পরে নির্ধারিত দামের ২ লাখ টাকা কমে অন্য এক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ করেন তিনি।