ফেলানী হত্যার ‘ন্যায়বিচারের’ দাবিতে রোকেয়ায় মানববন্ধন
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ‘ন্যায়বিচারের’ দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন সাংস্কৃতিক সংগঠন রণন, গুনগুন, প্রাঙ্গণ এবং গ্রিন হোয়াইটের সদস্যসহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা।
রণন সভাপতি তুহিন ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন আর এম হাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মতিউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহীনুর রহমান, উমর ফারুক, হারুন অর রশীদ, বাংলা বিভাগের শিক্ষক নিত্য ঘোষ, প্লানিং কর্মকর্তা এস এম রহিম, রণন সাধারণ সম্পাদক জামিল সারোয়ার আহাদ, মাসুম মমিন।
গত ৫ সেপ্টেম্বর ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত হাবিলদার অমিয় ঘোষ নির্দোষ বলে রায় দিয়েছে বিএসএফের বিশেষ আদালত।
এই রায়কে প্রত্যাখ্যান করে ‘ন্যায়বিচার’ দাবি করেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের হাবিলদার অমিয় ঘোষ।
কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। বাংলাদেশ সরকার ও মানবিকার সংস্থাগুলোর পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
