মাওয়ায় সিমেন্টবাহী ট্রলারডুবি
পদ্মা নদীতে দুটি ট্রলারের সংঘর্ষের পর একটি সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে গেছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মঙ্গলবার এ দুর্ঘটনায় ডুবে যাওয়া ট্রলারটি এখনো নিখোঁজ বলে এর মালিক জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মাওয়ার ঋষিবাড়ি এলাকায় পাশাপাশি দুটি ট্রলার যাওয়ার সময় একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে।
এত সিমেন্ট বোঝাই একটি ট্রলারের চালক নদীর প্রচণ্ড স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রলারটি পদ্মার ঘূর্ণাবর্তে পড়ে প্রায় আধা কিলোমিটার ভাটিয়ে মাওয়া লঞ্চঘাটের কাছে এসে ডুবে যায়।
ট্রলারের মালিক শেখ আকবার আলী জানান, ট্রলারটিতে ১৫৩০ বস্তা সিমেন্ট ছিল। মুন্সীগঞ্জের মুক্তারপুরের একটি সিমেন্ট কারখানা থেকে এই সিমেন্ট বোঝাই করে আরিচা-নগরবাড়ি যাচ্ছিল এটি।
এটি স্রোতের টানে কোথায় চলে গেছে জানা যায়নি।
লৌহজং থানার ওসি আবুল কালাম জানান, খবরটি শুনেছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
