২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিলের জামিন আবেদন নাকচ

মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রের জামিন আবেদন আবার নাকচ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আদিলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী আসাদুজ্জামান। 

অধিকার সেক্রেটারিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর তথ্য তুলে ধরে তিনি বলেন, “এই ধারায় ১৫ দিনের বেশি কারাগারে রাখার বিধান নেই, সে কারণে তাকে জামিন দেয়া হোক।”

এর বিরোধিতা করে ওই আদালতে অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার বলেন, “আদিলেরনামে তথ্য প্রযুক্তি আইনে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তাই ৫৪ ধারার সাধারণ ডায়েরির গুরুত্ব আর নেই।”

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক রুহুল আমিন অধিকার সেক্রেটারির জামিন আবেদন নাকচ করে দেন।

হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রকাশের অভিযোগে গত ১০ অগাস্ট আদিলকে আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দাখিল করে পুলিশ।  

এদিকে আদিলের বিরুদ্ধে মামলার মধ্য দিয়ে রোববার শুরু হয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের কার্যক্রম। তবে নতুন এই আদালতে এখনো কোনো পেশকার নিয়ুক্ত হননি, রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবীকেও দায়িত্ব দেয়া হয়নি।   

ট্রাইবুনালের নবনিযুক্ত বিচারক একেএম শামসুল আলম ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের ছয় তলায় ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারকের খাস কামরায় বসে ওই মামলায় দ্বিতীয় আসামি নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।