২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীদের ধর্মঘট

সিলেট নগরীর জিন্দাবাজারে স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও লুটে নেয়া স্বর্ণ উদ্ধারের দাবিতে রোববার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 10:06 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

পরে বিকেলে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে সিলেট কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ব্যবসায়ীরা বলেন, ঘটনার চার দিন অতিবাহিত হয়ে গেলেও ডাকাতির ঘটনার কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় ব্যবসয়ীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে লাগাতার হরতালসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, এরকম নজিরবিহীন ডাকাতির ঘটনা সিলেটে কখনো হয়নি। ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান ও ডাকাত গ্রেপ্তারে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না করলে তারা ভ্যাট, ট্যাক্স না দেয়ারও হুমকি দেন সমাবেশে।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়ার সভাপতিত্বে এবং মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. তুরন মিয়া, মহানগর শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সিলেট জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সিলেট উইমেন্স বিজনেস ফোরামের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

ইতোমধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে সোম, মঙ্গল ও বুধবার সকল মার্কেটে গণসংযোগ ও সভা করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া।

গত বুধবার রাত ৮টায় নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মার্কেটের তিনটি দোকানের স্বর্ণ লুট করে। এ সময় ডাকাতদের  বোমার আঘাতে মার্কেটের  নৈশপ্রহরী নিহত ও ব্যবসায়ীসহ ৪ জন আহত হন।