বেলকুচিতে তাঁত শ্রমিক খুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক তাঁত শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার তামাই পশ্চিম পাড়া থেকে আশরাফুল ইসলামের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।
আশরাফুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার কালিহাট গ্রামের হোসেন আলীর ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে তামাই পশ্চিমপাড়ার তাঁত কারখানা থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি আশরাফুল ইসলামকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর কারখানায় ফিরে আসেননি।
রোববার সকালে কারখানার পিছনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। নিহতের গলায় দাগ রয়েছে। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের ভাই মাজেদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন, বলেন এসআই আমিরুল।
