পরিবারের সবাইকে অজ্ঞান করে চুরি
মাগুরা সদরে এক পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান করে মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে জগদল গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।
তবে, পুলিশ খবরটি এখনো শোনেনি বলে জানিয়েছে।
তাদের আত্মীয় জসিম শেখ জানান, রোববার সকালে অচেতন অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছেন হাসান শেখ (৪০), মাজেদা খাতুন (৩৫), লিয়াকত শেখ (৩৮), খায়রুল ইসলাম (২০), ওয়াসিম (১৫) ও মহসিন (১০)।
জসিম শেখ বলেন, শনিবার রাত ১০টার দিকে হাসান শেখের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর সবাই এক সঙ্গে ঘুমাতে যায়।
কোনো দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। ফলে তারা সবাই অচেতন হয়ে পড়ে।
জসিম বলেন, দুর্বৃত্তরা হাসান শেখের দুটি শোবার ঘরের দরজা খুলে দুটি মটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামার নিয়ে যায়।
রোববার সকাল ৮টার পরও কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা এসে তাদের অজ্ঞান দেখতে পান।
সদর থানার এসআই নূরুল ইসলাম জানান, খবরটি কেউ তাদের অবহিত করেনি।
