রাজশাহীতে অস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তার
দেশি অস্ত্র, বোমা, প্রচারপত্র ও জেহাদি বইসহ রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকালে রাজশাহী র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পে সাংবাদিকদের সামনে তাদেরকে হাজির করা হয়।
আটকরা হচ্ছেন- ছাত্র শিবির নেতা গোলাম মওলা ওরফে মুরাদ এবং হারুনুর রশিদ ওরফে খাজা।
এর মধ্যে মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের ওপর হামলা ও হাত-পায়ের রগ কেটে দেয়া মামলার অন্যতম আসামি।
রাজশাহী র্যাবের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিব খান বলেন, গোলাম মওলা ওরফে মুরাদ ইসলামি ছাত্র শিবিরের দুর্ধর্ষ ক্যাডার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের ওপর হামলা ও হাত-পায়ের রগ কেটে দেয়ার মামলায় সে তিন নম্বর এজাহারভুক্ত আসামি।
মুরাদ চাঁপাইনবাবগঞ্জের গোরতলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
আনোয়ার বলেন, মুরাদের নেতৃত্বে ছাত্র শিবির ক্যাডাররা বিভিন্ন স্থানে গোপন আস্তানা গড়ে পরিকল্পিতভাবে হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো।
শুক্রবার রাত ২টার দিকে নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৩২ হাজার ৮৩০ টাকা, এক রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল, একটি কম্পিউটারের সিপিইউ, শিবিরের সাংগঠনিক ১০০টি লিফলেট, ৪৫টি বায়োডাটা ফরম, চাঁদা আদায়ের রশিদ এবং ১১টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।
মুরাদের স্বীকারোক্তি অনুযায়ী চরসাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি হাত বোমা, তিনটি পাইপ বোমা, পাঁচটি চাপাতি, নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ, দুটি মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয় ছাত্র শিবির ক্যাডার হারুনুর রশিদকে।
“রাশেদের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার শিবিরকর্মী রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপ বোমা, চারটি হাসুয়া এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।”
