২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে অন্ধকার: এরশাদ

আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দেহ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এ বিষয়ে তিনি অন্ধকারে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 08:35 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বুধবার রংপুর টাউন হলে মহানগর ও জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী দিনে কী হবে আমরা জানি না। নির্বাচন হবে কী না তাও বলতে পারছি না। দুই নেত্রীও জানেন না। নির্বাচন নিয়ে আমরা অন্ধকারে আছি। এ অবস্থার সমাধান না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।”

ছেলে এরিকের চিকিৎসার জন্য ২৭ অগাস্ট সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ২ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে ফিরে মঙ্গলাবার তিন দিনের সফরে রংপুরে যান তিনি।

সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।

আর এটাকে ভিত্তি ধরেই সোমবার সচিবদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে। এর আগের ৯০ দিন সংসদ থাকলেও এই সময় সংসদ অধিবেশন বসবে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বর্তমান ধারা অনুসরণ করে নির্বাচনের কথা বললেও প্রধান বিরোধী দল বিএনপির এতে আপত্তি রয়েছে।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর নির্বাচন কমিশনও বলছে, নির্বাচন হবে কি না সে ব্যাপারে তারা অন্ধকারে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা।

নির্বাচন নিয়ে ‘অন্ধকারে’ থাকলেও আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অটল এরশাদ বলেন, “আমি আর কারো সাথে যাব না। জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। নির্বাচন হলে আমরা একক ভাবে ক্ষমতায় যাব। যে কোনো মূল্যে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতেই হবে। দেশকে বাঁচাতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই।”

তিনি বলেন, “জাতীয় পার্টি এক নীতি ও গণতন্ত্রে বিশ্বাস করে। দেশে গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে ভেবেই সেদিন ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্ত তা হয়নি। নব্বইয়ের পর দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। মানুষের নিরাপত্তা নেই, মানুষ শান্তির পথ খুঁজছে।”

“দেশকে অশান্তি ও দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। মানুষ শান্তি চায়, জাতীয় পার্টি সেই শান্তির প্রতীক। আমরা মানুষকে ভালবাসি। আরেক বার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন। দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”

পার্টির দুঃসময়ে পাশে থাকার জন্য রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর সভাপতি মসিউর রহমান রানা প্রমুখ।