১০ ট্রাক অস্ত্র মামলা: আসামি পক্ষের দীর্ঘ জেরা নিয়ে আপত্তি
১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) আসমিপক্ষের আইনজীবীদের দীর্ঘ জেরা নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার আইও মনিরুজ্জামান চৌধুরীর সাক্ষ্য-জেরার ২৬তম দিনে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ।
আদালত বিষয়টি শুনলেও কোনো মন্তব্য করেনি। তবে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে বলেছেন ‘ন্যায়বিচারের’ স্বার্থে জেরা করা হচ্ছে।
সাক্ষী মনিরুজ্জামানকে বুধবার জেরা করেন আসামি অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী।
দুপুর সাড়ে ১২টার দিকে লিয়াকতের পক্ষে জেরা শুরু করেন আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ। জেরা চলাকালে কয়েকটি প্রশ্নের বিষয় পুনরাবৃত্তি হওয়ায় তা লিপিবদ্ধ করেননি আদালত।
এসময় রাষ্ট্রপক্ষ ‘দীর্ঘ জেরার’ বিষয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করলে কামরুল ইসলাম বলেন, “দীর্ঘ নয়, ন্যায় বিচারের জন্য জেরা করা হচ্ছে।”
আদালতের পক্ষ থেকে এক দফা তাগাদার পর বেলা ১টার দিকে জেরা শেষ করেন লিয়াকতের আইনজীবী। এরপর জেরা শুরু করেন বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার।
দুপুর দেড়টায় মধ্যাহ্ন বিরতির পর বিকাল ৩টায় আবার জেরা শুরু হয়, চলে পৌনে ৫টা পর্যন্ত। জেরা অসমাপ্ত রেখেই আদালত বৃহস্পতিবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
আদালতে জেরায় বাবরের আইনজীবী মনিরুজ্জামানের কাছে মামলার কেইস ডায়েরি, সাক্ষ্য স্মারক, আগে বিভিন্ন সময়ে দেয়া সম্পূরক অভিযোগপত্র, অধিকতর তদন্তের আগে মামলায় সাক্ষ্য গ্রহণ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার তদন্ত বিষয়ে জানতে চান।
বিকালে বাবরের আইনজীবীর পক্ষে জেরা চলাকালে রাষ্টপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কোনোভাবে সময় ক্ষেপণের উদ্দেশ্য নিয়েই একই বিষয়ে বারবার জেরা করা হচ্ছে।
“আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, এই সাক্ষী আজসহ ২৬ কার্য দিবস আদালতে হাজির হয়েছেন। এভাবে চললে কেয়ামতের আগ পর্যন্ত জেরা শেষ হবে না।”
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলার পঞ্চম ও সর্বশেষ তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী।
গত ২২ এপ্রিল এই মামলা দুটিতে আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন মনিরুজ্জামান। এরপর ২৩ এপ্রিল ও ৬ মে তার সাক্ষ্য নেয়া হয়। গত চার মাসে হরতাল ও জেরাসহ আরও মোট ২৩ কার্য দিবস অতিবাহিত হয়েছে।
