গৃহকর্মী নিযার্তনের অভিযোগে দম্পতি আটক
রাজধানীর তেজগাঁও এলাকার এক বাড়িতে গৃহকর্মীকে নিযার্তনের অভিযোগে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার গৃহকর্মী টুনিকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস (ওসিসি) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আটক দুজন হলেন গৃহকর্তা ইউসুফ (২৭) ও গৃহকর্ত্রী নাজমা (২৫)। ইউসুফ টিউশনি করে সংসার চালান বলে পুলিশকে জানিয়েছেন।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার বিকালে টুনিকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়া হলে সে কান্নাকাটি শুরু করে। এরপর আশেপাশের বাসার লোকজন ওই বাসায় গিয়ে এর প্রতিবাদ জানায় এবং পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ওই দম্পতিকে বাসা থেকে আটক করে এবং টুনিকে হাসপাতালে পাঠায় বলে ওসি অপূর্ব হাসান জানান।
তিনি জানান, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
