সাতক্ষীরার যৌথ অভিযানে আটক ১১
সাতক্ষীরার দেবহাটায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের যাচাই-বাছাই চলছে।
“প্রকৃত অপরাধীদের রেখে অন্যদের ছেড়ে দেওয়া হবে।”
তাদেরকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে।
দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দুই পুলিশ সদস্যের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন এসআই আজিজ।
গত ১৩ অগাস্ট জামায়াতের ডাকা হরতাল চলাকালে দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হোসেনকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে জামায়াত-শিবিরকর্মীরা।
১৬ অগাস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় দেবহাটা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
