২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলনের মুরোদ নাই, আবার হুঙ্কার’

আন্দোলন করার মুরোদ যাদের নাই তারাই হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 07:35 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মঙ্গলবার তিনি বলেন, সরকারের সাড়ে চার বছর চলে গেল। সর্বাত্মক আন্দোলনের নামে এতোদিন বিরোধী দলের অনেক বুলি শুনেছি, যা বাস্তবে ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।

“আসলে আন্দোলন করার মুরোদ যাদের নেই, মূলত তারাই আন্দোলনের নামে বেশি বেশি করে হুঙ্কার দেয়। আন্দোলনের নামে হুঙ্কার দিয়ে বিরোধী দল তাদের নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল নিয়েছে।”

মঙ্গলবার সাভারের হেমায়েতপুরে শহীদ রফিক সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এর আগে শহীদ রফিক সেতুর টোল নির্ধারণ ও প্রত্যাহারের বিষয়ে স্থানীয় লোকজন ও পরিবহন মালিক-শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, এ সেতুর টোল প্রত্যাহার কিংবা নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের। তারপরও চেষ্টা করে হচ্ছে এ সেতুটি টোলমুক্ত করার।

পরবর্তীতে যোগাযোগ মন্ত্রী বর্ধিত ১০ টাকা টোল প্রত্যাহারসহ শহীদ রফিক সেতুতে দুই ও তিন চাকার যানবাহনের টোল প্রত্যাহার করার ঘোষণা দেন।

এদিকে রোববার পরিবহন শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিয়ে সংঘর্ষ সৃষ্টির অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেনকে তাৎক্ষণিকভাবে মন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়।