২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের উদ্বোধন

খুলনা শিপইয়ার্ডে তৈরি হবে কন্টেইনার ভেসেল এবং যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।

খুলনা শিপইয়ার্ড নৌবাহিনী পরিচালিত একটি জাহাজ নির্মাণ কারখানা।

উদ্বোধন অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, নৌবাহিনী প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে দুটি কন্টেইনার ভেসেল ও দুটি অত্যাধুনিক এলসিইউ জাহাজ নির্মাণ করছে এখানে।

জরুরি কাজে দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে ভারি রসদ সরবরাহের জন্য এলসিইউ জাহাজ ব্যবহার করা হবে।

এর আগে শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন।

শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, কন্টেইনার ভেসেলের দৈর্ঘ্য হবে ৭৫ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ৫ মিটার। গভীরতা থাকবে ৫ দশমিক ২০ মিটার। প্রতিটি জাহাজে ৬০০ হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন থাকবে।

আর এলসিইউ জাহাজের দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ১০ মিটার ও গভীরতা ১ দশমিক ৮০ মিটার। এটি ৪১৫ টন পর্যন্ত ওজন বহন করতে পারবে। এই জাহাজেও ৬০০ হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন থাকবে।