‘অসাংবিধানিক সরকার আসলে প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জটিলতার সুযোগে যদি দেশে অসাংবিধানিক কোনো শক্তি ক্ষমতায় আসে তার জন্য বর্তমান প্রধানমন্ত্রী দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার দিনাজপুর তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী জটিলতা কাটাতে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।
“দেশের সব মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রয়েছে। এই সরকার ক্ষমতায় এসেছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। কয়েকজন মন্ত্রীর মন্তব্য বা কারো গায়ের জোরে কিছু হবে না; সবকিছু সংবিধান মোতাবেক হবে,” বলেন তিনি।
দুপুরে দিনাজপুর লোকভবনে বিকল্পধারার জেলা কর্মী-সম্মেলনে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।
বর্তমান নির্বাচন কমিশনকে একটি ‘ঠুটো জগন্নাথ’ উল্লেখ করে বিকল্পধারা সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী যখন যে কথা বলেন নির্বাচন কমিশন তখন সেই মোতাবেক চলে। এই কমিশন কখনো নিষেধাজ্ঞা দেয়, কখনো আবার তা প্রত্যাহার করে। এ ধরনের কমিশন দিয়ে কোনো সঠিক নির্বাচন হবে না।”
কমিশনে ভাল লোক এনে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি এবং নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি।
এর আগে বদরুদ্দোজা চৌধুরী দিনাজপুর লোকভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা কর্মী-সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় সেখানে দলের মহাসচিব আবদুল মান্নান, বদরুদ্দোজার প্রেস সচিব জাহাঙ্গীর আলম, দলের জেলা সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক জিয়াউর হক উপস্থিত ছিলেন।
