পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনের দাবি
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনবল নিয়োগসহ যন্ত্রপাতি সংকট নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার পটিয়া থানার মোড়ে দুটি উন্নয়ন সংগঠনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে এদাবি জানান তারা।
এতে জরুরি ভিত্তিতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন, ইসিজি মেশিন, সার্বক্ষণিক গাইনোলজিস্ট, শূন্য পদে জুনিয়র কনসালটেন্ট (এনেসথেশিয়া) ও অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়।
অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবিও জানান তারা।
পটিয়ার কমিউনিটি ক্লিনিকগুলোর প্রতি কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় দরিদ্র নারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
পটিয়া পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মাজেদা বেগম শিরু, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও মহিলা পরিষদের পটিয়া উপজেলা সভাপতি শীলা দাশ।
নারী প্রগতি সংঘ ও পটিয়া পাবলিক পলিসি ফোরাম আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
