২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চাইলে আ.লীগকে নির্বাচিত করুন: হাসিনা

সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

ফটিকছড়ি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি বলেন, “আরেক বার সেবা সেবা করার সুযোগ দিন, যাতে রাজাকার, সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি।”

বর্তমান সরকারের আমলে সাড়ে পাঁচ হাজার নির্বাচনে ৬৩ হাজার ৯০৪ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে।

“এ সরকারের আমলে নির্বাচনে কোনো কারচুপি হয়নি। সব নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দেবে।”

‘দুর্নীতি আর মানুষ খুন বিএনপি-জামায়াতের বড় গুণ’- এমন মন্তব্য করে তিনি বলেন, “আন্দোলনের নামে তারা মানুষ খুন করে, মসজিদ ও কোরান শরিফ পুড়িয়েছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি আর লুটপাট করে। জনগণের সম্পদ বিদেশে পাচার করে।”

“আর যাই হোক তারা দেশের মানুষকে শান্তি দিতে পারবে না, শান্তি চাইলে আওয়ামী লীগের পতাকাতলে আসুন।”

৫ মে ঢাকায় হেফাজতের তাণ্ডবের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তারা সবসময় ইসলামের হেফাজতের কথা বলেন। তারাই মসজিদে আগুন দিয়েছে, বাইরে দোকানে কোরআন শরিফ পুড়িয়েছে। আর আমরা সবসময় ইসলামের জন্য কাজ করি। অথচ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।”  

প্রায় আধা ঘণ্টার ওই বক্তৃতায় শেখ হাসিনা বর্তমান সরকার আমলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান, উপবৃত্তি, অল্প খরচে বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন।

এছাড়া যে মাঠে সমাবেশ হয়েছে সে মাঠকে স্টেডিয়ামে রূপান্তর এবং ফটিকছড়িতে গ্যাস সংযোগ দেয়ারও আশ্বাস দেন তিনি।

পেলা গাজীর দীঘি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্য মন্ত্রী আবদুর রাজ্জাক, সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম আবুল কাশেম মাস্টার, মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব, শাহেদা তারেক দীপ্তি, হাসিনা মান্নান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ফটিকছড়ি জনসভাস্থলে পৌঁছে ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি সফরে গেলেন। 

প্রধানমন্ত্রী জনসভামঞ্চে ওঠার পূর্বে গত ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীর হাটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হরতালবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রায় জামায়াত-শিবির ও হেফাজত কর্মীদের হামলায় নিহত তিনজনের পরিবারের স্বজনদের সাথে কথা বলেন।

যেসকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে- নগরীর হালিশহরে অবস্থিত ৮৪ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৯১টি নতুন খাদ্যগুদাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাততলা নতুন বহির্বিভাগ ভবন, চমেক এর পাঁচতলা নতুন ডেন্টাল বিভাগ ভবন, নতুন প্রশাসনিক ভবন, ৫০ শয্যায় উন্নীত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫০ শয্যায় উন্নীত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার, ফটিকছড়ি ফায়ার সার্ভিস এবং রফিকুল আনোয়ার-মোরশেদা ট্রাস্ট।

এছাড়া তিনি সিডিএ’র চিটাগাং আউটার রিং রোড প্রকল্প এবং চমেক এর সাততলা ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকালে চট্টগ্রামে নৌবাহিনীর নতুন দুটি টহল জাহাজ এবং তিনটি যুদ্ধ জাহাজের কমিশন প্রদান করেন।