বাংলাদেশ ডে’র আমেজ মিয়ামিতে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি সমুদ্র উপকূলে ৩০ অগাস্ট থেকে তিনদিনের সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অব মিয়ামি’র আয়োজনে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনবিসি) নামের এই অনুষ্ঠান উপলক্ষে ৩১ অগাস্টকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা করেছে মিয়ামি সিটি কাউন্সিল।
মিয়ামির জুলিয়াস লিটম্যান পারফর্মিং আর্টস থিয়েটারের এই সম্মেলনে বাংলাদেশ ও প্রবাসী গুণীজনরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক আলোচনায় অংশ নেবেন।
এছাড়া ‘বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে প্রবাসের মিডিয়াগুলোর ভূমিকা’ শীর্ষক সেমিনারও হবে সেখানে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে প্রতিদিন বাংলাদেশ, ভারত এবং প্রবাসের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে মরণোত্তর সম্মাননা দেয়া ছাড়াও বাংলাদেশ এবং প্রবাসের কয়েকজন বিশিষ্টজনকে দেয়া হবে বিশেষ সম্মাননা।
মূলধারার রাজনীতিক ছাড়াও পেশাজীবী-শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবী-কবি-লেখকরা বিভিন্ন পর্বের আলোচনায় অংশ নেবেন।
বস্টন, ডেট্রয়েট, শিকাগো, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া, কানেটিকাট, আটলান্টা, নিউ জার্সী, ওয়াশিংটন, টেক্সাস এবং নিউ ইয়র্ক থেকে প্রবাসী বাংলাদেশিরা সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
