২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট মোচনে নাগরিক সমাজের ভূমিকা চান হোসেন জিল্লুর

প্রধান দুই দলের মুখোমুখী অবস্থানের ফলে সৃষ্ট ‘রাজনৈতিক সঙ্কট’ থেকে উত্তরেণে নাগরিক সমাজের কাছ থেকে ‘রূপরেখা’ চান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠনই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরনের একমাত্র পথ।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ‘আসন্ন নির্বাচন: সমঝোতা না সংঘাত’ শির্ষক এই আলোচনার আয়োজন করে। প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এই আলোচনায় অংশ নেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, “সমঝোতা না সংঘাত- সে ভবিষ্যতবাণী করার মতো অবস্থা এখন নেই। তবে একটি বিষয় খুব পরিষ্কার, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।”

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলের আন্দোলন এবং সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করার বিষয়ে সরকারের অনড় অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে সমঝোতা ও সংলাপের তাগিদ এসেছে।  

এ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, “সমঝোতার ব্যাপারে সীমিত হলেও একটি কাজ করা যেতে পারে। নির্বাচন নিয়ে নাগরিক সমাজ থেকে একটি রূপরেখা আসতে পারে।”

সাবেক এই উপদেষ্টার মতে, বাংলাদেশের সামনে এখন তিনটি সঙ্কট। এগুলো হলো- নির্বাচন নিয়ে সঙ্কট, অর্থনৈতিক সঙ্কট ও সুশাসনের সঙ্কট।

“নাগরিক সমাজ যদি নিজেদের শক্তিশালী মনে করে, তবে এখন উচিৎ এই তিন সঙ্কট কাটানোর উদ্যোগ নেয়া, যাকে রাষ্ট্রবিজ্ঞানের বলা যায় ‘গ্র্যান্ড বার্গেইন’।”

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর মনে করেন, এই ‘গ্র্যান্ড বার্গেইনিংয়ের’ জন্য দেশে এখন উপযুক্ত পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু ‘রাজনৈতিক মহলের কারণে’ সঙ্কটের বিষয়গুলো নিয়ে নাগরিক সমাজ কথা বলছে না।

“রাজনীতিবিদরা যতোই হাসুক, আমরা এ ধরনের একটি উদ্যোগ নিতে চাই। কারণ আমরা অনেকগুলো প্রবণতা দেখেছি, যেগুলো নির্বাচনে সমাধান হবে না।”

এর উদাহরণ হিসাবে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রক্রিয়ার ‘অসম্ভব রকম’ অপব্যাবহার হয়েছে। রাষ্ট্রের আইনি কাঠামো এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচন হলেই শান্তির সাথে এগোনোর বিষয়টি নিশ্চিত হবে না।

এবিএম মুসা বলেন, “বাংলাদেশের রাজনীতিতে সামনে সুনামি দেখতে পাচ্ছি। সুনামি হওয়ার পর এই চলমান সঙ্কটের সমাধান হবে।”

দেশে আগামী নির্বাচন আদৌ হবে কিনা- সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মুসা বলেন, “আওয়ামী লীগ যদি পাঁচ মিনিটে বাকশাল কায়েম করতে পারে, তাহলে তিন মিনিটে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংযোজন করাও তাদের পক্ষে সম্ভব।”

আসিফ নজরুল বলেন, সংবিধানের কাঠোমোর মধ্যেই বর্তমান সমস্যার সমাধান সম্ভব।

“সংসদের একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম কিংবা ব্যারিস্টার রফিক উল হক, সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান, ফজলে হাসান আবেদের মতো একজনকে নির্বাচনকালীন সরকার প্রধান করা হলে কারো আপত্তি থাকবে না।”

অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, গোলাম মোর্তজা ও সাংবাদিক মনির হায়দার আলোচনায় উপস্থিত ছিলেন।