নিজ বাসায় কায়সারকে জিজ্ঞাসাবাদের অনুমতি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারকে তার বাসায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
সৈয়দ কায়সারের বাসায় ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পরর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে সোমবার কায়সারকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত।
গত ২১ অগাস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
২১ মে বিকাল পৌনে ৪টায় কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে কারাগারে পাঠানো হয়। ৪ আগস্ট তিনি শর্তসাপেক্ষে জামিন পান।
কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নিজের নামে ‘কায়সার বাহিনী’ নামে রাজাকার বাহিনী গঠন করে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর কুমিল্লায় হত্যা, গণহত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, ধর্ষণ, হামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।
হবিগঞ্জের বাসিন্দা কায়সার তিন যুগ আগে জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
