আদিতমারীতে ‘হিযবুত তওহিদের ৫ সদস্য’ আটক
লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে হিযবুত তওহিদের জঙ্গি সন্দেহে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় লালমনিরহাট পৌরসভার সীমানা ঘেঁষা আদিতমারীর কিসামত খুটামারা গ্রামের খলিলুর রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা তিন মাস আগে খুটামারা গ্রামে খলিলুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে তারা হিযবুত তওহিদের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
আটকরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের হোসেন আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী আরফিনা আক্তার (২৬), কুষ্টিয়ার চারুলিয়া গ্রামের ইয়াজ উদ্দিনের স্ত্রী ববি খাতুন (২৭), রাজশাহীর চারঘাটের আকমল হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন (৩০) এবং কুষ্টিয়ার হাউজিং এলাকার মাসুদ হোসেন টিপুর স্ত্রী নাইচ পারভীন লাকী (২৮)।
লালমনিরহাট সদর থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, আরফিনা আক্তার ও নাইচ পারভীন লাকী সন্ধ্যা সোয়া ৬টার দিকে লালমনিরহাট শহরের বিভিন্ন স্থানে জেহাদি বই বিক্রি করার সময় স্থানীয় সাংবাদিকরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় পাঁচজনকে আটক এবং বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, উদ্ধার করা জেহাদি বই, লিফলেট এবং আটককৃতদের প্রাথমিক জবানবন্দি থেকে বোঝা যায় এরা হিযবুত তওহিদের সদস্য।
আটক নারীদের সঙ্গে সাথে তাদের চার শিশু সন্তানও রয়েছে থানায়, বলেন ওসি।
