২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় নদীভাঙন রোধে ব্যবস্থার দাবি

ভোলায় নদীভাঙন রোধ এবং পানিবন্দি মানুষের সহায়তার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধের দাবি জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি ও জেলা জাতীয়বাদী ফোরামের যৌথ উদ্যোগে ‘ভোলাকে নদী ভাঙন থেকে বাঁচা’ শিরোনামে এক মানববন্ধনে এই দাবি জানান বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ভোলায় তিন লাখ মানুষ গত কিছু দিন ধরে  পানিবন্দি হয়ে আছে। রাস্তা-ঘাট ডুবে গেছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। মানুষজন অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে।অথচ সরকারের কোনো নজর নেই।”

“পানিবন্দি মানুষজন অসহায়ের মতো তাকিয়ে আছেন।”

অবিলম্বে পানিবন্দি মানুষের জন্য দ্রুত ব্যবস্থাগ্রহণ , তাদের পর্যাপ্ত ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান, বেড়ি বাঁধ সংস্কার এবং পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন সড়ক পুনর্নির্মাণের দাবি জানান তিনি।

ভোলাবাসীর দুর্ভোগ-দুর্দশার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “নদীবেষ্টিত ভোলার মানুষের দিকে এই সরকারের কোনো দৃষ্টি নেই। বিএনপি সরকারের আমলে ভোলার নদীভাঙন রোধে তিনশ’ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছিল। নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ।”

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেড়িবাঁধের কোনো সংস্কার করেনি দাবি করে এই বিএনপি নেতা বলেন, সরকার যা কিছু অর্থ বরাদ্ধ করেছে তা দুর্নীতি করে ক্ষমতাসীনরা নিঃশেষ করে ফেলেছে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এনামুল হকসহ জেলার নেতারা বক্তব্য দেন।