২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের উদ্বোধন

উদ্বোধনের পর যশোরের  বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবন খুলে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার বিকালে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বন্দরের চেকপোস্ট এলাকায় নবনির্মিত আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল এবং বাস টার্মিনাল ভবনের উদ্বোধন করেন।

বেনাপোল বন্দরের প্রকৌশলী আবুল খায়ের  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৫৯৮ টাকা ব্যয়ে তিনতলা আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ২০১২ সালের ২২ এপ্রিল এর নির্মাণ কাজ শুরু হয়েছিল।

টার্মিনালটির নিচ তলায় যাত্রীদের অপেক্ষার জন্য কক্ষ ও টোল আদায়ের অফিস রয়েছে। দ্বিতীয় তলায় যাত্রীদের বিশ্রামাগার ও ক্যান্টিন, তৃতীয় তলায় ভিআইপি যাত্রীদের জন্য রেস্ট হাউস রয়েছে।

এছাড়া এ ভবনের বিপরীতে এক কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৮৭ টাকা ব্যয়ে বন্দর বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালের ২২ মে।

দুতলা এ বাস টার্মিনালের নিচ তলায় রয়েছে বিভিন্ন পরিবহনের ১২টি টিকিট কাউন্টার, ৩০ হাজার বর্গফুটের পার্কিং এবং দ্বিতীয় তলায় রয়েছে যাত্রীদের বিশ্রামাগার ও দুটি দোকান।

উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী ছাড়াও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহমেদ, যুগ্ম-সচিব মন্ত্রীর (পিএ) সোহারাব হোসেন, উপসচিব তরিকুল ইসলাম, বন্দরের পরিচালক তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বন্দর পরিচালক ট্রাফিক তোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।