শিবিরনেতা খলিলের মৃত্যু ‘গাড়িধাক্কায়’
জামায়াতের হরতালে রাজধানীর যাত্রাবাড়ীতে শিবির নেতা খলিলুর রহমান মল্লিকের মৃত্যুর কারণ পুলিশের শটগানের গুলি নয়, বরং গাড়ির ধাক্কা।
ময়নাতদন্ত প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে।
গত ১৪ অগাস্ট হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ায় নিহত ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরের ৮৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি খলিলের ময়নাতদন্ত হয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে।
এ বিষয়ে পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার তাদের হাতে ময়নাতদন্ত প্রতিবেদন এসেছে।
“তাতে খলিলের মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনার কথা বলেছেন চিকিৎসক।”
প্রতিবেদনে বলা হয়েছে, খলিলের শরীরে শটগানের গুলির বেশ কয়েকটি ছোট ছোট টুকরা পাওয়া গেছে। তবে এগুলোতে তার মৃত্যু হয়নি।
নিবন্ধন বাতিলের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা টানা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন সকালে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাই স্কুলের কাছে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় খলিলসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
পরে খলিলকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই মারা গেছেন।
খলিলের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়। টিকাটুলির বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামি স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। দুই ভাই তিন বোনের মধ্যে খলিল ছিল দ্বিতীয়।
ঘটনার পর থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির দাবি করে আসছে, পুলিশের গুলিতে খলিলের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে তারা পাবনায় হরতাল কর্মসূচিও পালন করেছে।
