২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি: পেটানোর পর কর্মকর্তার অপসারণ দাবি ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তাকে পেটানোর পর এবার তার অপসারণ দাবি করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিমের সঙ্গে দেখা করে চবির উপ নিবন্ধক (চতুর্থ শ্রেণি কর্মচারি সেল) নাছির উদ্দিন চৌধুরীর অপসারণ দাবি করেন সরকার সমর্থক ছাত্র সংগঠনটির নেতারা।

অর্থের বিনিময়ে জামায়াত সমর্থকদের নিয়োগ দেয়ার অভিযোগ এনে গত শনিবার নাছির উদ্দিনের ওপর হামলা চালায় ছাত্রলীগকর্মীরা।

চবি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. মামুনের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ নাছিরের।

ওই ঘটনা তদন্তে মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

উপাচার্যের সঙ্গে দেখা করে মামুন সাংবাদিকদের বলেন,  উপ নিবন্ধক নাছিরকে অপসারণ, তদন্তের মাধ্যমে অনিয়ম নিয়োগ বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ‘প্রগতিশীল’ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার দাবিও করেছে ছাত্রলীগ।

এদিকে ছাত্রলীগের আগে উপাচার্যের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং বিভিন্ন হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানায় ইসলামী ছাত্রশিবির।

জামায়াতের ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”