২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চান খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 03:11 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

তার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গত শনিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গত ১৫ জানুয়ারি ওই অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানি শুরু করতে বলেছিলেন।

খালেদার আরেক আইনজীবী রাগিব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছি। অবকাশ শেষে সেপ্টেম্বরে আদালত খুললে শুনানি হতে পারে।”

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে ২০১১ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

রাগিব রউফ বলেন, “আমরা আবেদনে বলেছি, দুর্নীতি দমন কমিশন আইনের (৫)২ ধারা এবং দণ্ডবিধির ১০৯ অনুচ্ছেদ অনুসারে এ মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এ দুই আইনের সংশ্লিষ্ট ধারায় দুর্নীতি ও যোগসাজশের বিষয়টি রয়েছে। তিনি এই দুই কাজের কোনোটি সরাসরি করেছেন বলে মামলায় বলা হয়নি। কেবল পদে থাকার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।”

তিনি বলেন, রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত অনিয়ম হলে সেটা দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় পড়ে না। স্ট্যাম্প আইনের ৩৮, ৪০, ৪১ ও ৪২ ধারা অনুসারে এই মামলা হতে পারতো। তাই এই মামলা আমলে নেয়া ‘সঠিক হয়নি’।

এসব যুক্তি দেখিয়ে অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চাওয়া হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

হাজির হতে ‘শেষবার’ সময় পেলেন খালেদা