চট্টগ্রামে শিবির ধরতে পুলিশের অভিযান, আটক ৬৩
পুলিশ ও সাংবাদিকের ওপর হামলায় জড়িত ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের আটকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।
রোববার বিকাল পর্যন্ত মোট ৬৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে ৫৮ জনকে আটক করা হয় চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস থেকে।
সকালে বন্দর নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাদুরতলায় পুলিশের ওপর চড়াও হয় শিবিরকর্মীরা। ওই সময় ছোড়া হাতবোমায় পুলিশ ও সাংবাদিকসহ তিন জন আহত হন।
ওই ঘটনার পরপরই বাদুর তলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। এরপর বিকালে তল্লাশি চালানো হয় চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে, যা শিবির নিয়ন্ত্রিত বলে পরিচিত।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু সন্ত্রাসী কলেজের ছাত্রাবাসে আশ্রয় নিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।”
অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোশকাত আহমেদ বলেন, বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চলে। এসময় সন্দেহভাজন ৫৮ জনকে আটক করা হয়েছে।
“তাদের থানায় নেয়া হচ্ছে। সেখানে যাচাই বাছাই করা হবে।”
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মে. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে আটক পাঁচজনের পরিচয়ও খতিয়ে দেখা হবে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় পুলিশ-শিবিরকর্মীদের সংঘর্ষ। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আটক তিন জনের মধ্যে দুজনের ছবি হামলার ভিডিওচিত্রে পাওয়া গেছে। তারা সরাসরি পুলিশের ওপর হামলায় অংশ নেয়।
