চাঁপাইনবাবগঞ্জে এসপির বাসায় বোমা হামলায় আটক ১১
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের বাসভবনে বোমা হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
সদর থানার ওসি বজলুর রশিদ জানান, পুলিশ সুপারের বাসভবনে বোমা নিক্ষেপের ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা জামায়াত-শিবিরকর্মী।
শনিবার রাত পৌনে ১১টার দিকে জেলা শহরের অক্ট্রয় মোড়ে এসপি বশির আহমেদের বাসায় বোমা হামলা হয়। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয় এবং অন্য ৩টি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ সুপার বশির আহম্মদ বাসায় ছিলেন।
এতে কেউ হতাহত হয়নি।
