সহজ হওয়ার চেষ্টা
রামুর পল্লীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ধ্বংসস্তূপ থেকে নতুন মন্দির আর বুদ্ধ মূর্তি জেগে উঠলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘মনের ক্ষত’ আজও পুরোপুরি শুকায়নি।
১১ মাস আগের সেই বিভীষিকাময় রাতের স্মৃতি ফেলে এসে সরকারি সহযোগিতায় গড়ে তোলা নতুন মন্দিরের সামনে দাঁড়িয়ে আশায় বুক বাঁধার চেষ্টা করেন রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া। কিন্তু হিংসার আগুনে পোড়া শতবর্ষী মন্দির আর বুদ্ধ মূর্তির জন্য তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিরাপত্তা নিয়ে শঙ্কাও মিশে থাকে তাতে।
সীমা বিহারের নতুন কাঠামোর সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “নতুন মন্দির দিলে কি হবে, যদি আমাদের নিরাপত্তা না থাকে? এখনো পর্যন্ত আশেপাশের লোকজনের পক্ষ থেকে কোনো সমস্যা হচ্ছে না। আমরাও চেষ্টা করছি নিজেদের সহজ করতে।”
গত বছরের ২৯ সেপ্টেম্বর নজিরবিহীন সাম্প্রদায়িক হামলায় সমুদ্রতীরের জেলা কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতি ধ্বংসস্তূপে পরিণত হয়।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের টিন ও কাঠের তৈরি প্রাচীন স্থাপনার বৌদ্ধবিহার পুরোপুরি জ্বালিয়ে দেয়া হয়। ধ্বংস ও লুট করা হয় আড়াইশরও বেশি দুর্লভ বৌদ্ধমূর্তি।
একইভাবে রামু ও উখিয়ার আরও ১৮টি বিহারে হামলা ও আগুন দেয়া হয়। হামলা হয় বৌদ্ধ বসতিতেও।
কিন্তু নতুন এই উপাসনালয়ে ঐতিহ্যবাহী সেই স্থাপত্যশৈলীর ছোঁয়া নেই। পল্লীর প্রতিটি শিশু যে বুদ্ধমূর্তিগুলোর কাছ থেকে অহিংসার মন্ত্র শিখে বড় হয়েছে, সেই মূর্তিগুলোও আর নেই।
তাণ্ডবের সেই রাতের পর প্রায় একবছর হতে চললেও বিচার পায়নি রামুর বৌদ্ধরা। প্রকৃত দোষীরা এখনো ধরা না পড়ায় স্থানীয় বৌদ্ধদের মধ্যে রয়েছে ক্ষোভ।
সীমা বিহার সংলগ্ন পল্লীতে ববিতা বড়–য়াসহ অনেকের বসতঘরও পুড়িয়ে দেয়া হয় সেই রাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ববিতা বলেন, “নতুন বিহার, বসতঘরসহ অনেক কিছুই তো দিয়েছে। কিন্তু সেদিন রাতে পুড়িয়ে দেয়া পুরনো মন্দির, দুর্লভ পুঁথি, ধ্বংস হওয়া প্রাচীন বুদ্ধমূর্তিগুলো তো আর ফিরবে না।
“এগুলো ঘিরেই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগ। এই কষ্ট তো সারা জীবনেও ঘুঁচবে না।”
ববিতা বলেন, সরকার তাদের নতুন ঘর করে দিয়েছে। সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত একবছর ধরে নিরাপত্তা দিচ্ছে। আশেপাশের লোকজনের কাছ থেকেও নতুন করে কোনো হুমকি আসেনি। তবে যে আস্থা একবার ভেঙেছে, তা ফিরতে সময় লাগছে।
“আগে যে খোলা পরিবেশে আমরা প্রার্থনা করতাম সেটা আর হচ্ছে না। এখন চার দেয়ালের মধ্যে প্রার্থনা হবে। নতুন শক্ত কাঠামোর মন্দির করে দিয়েছে।”
একই কথা বললেন রামুর শ্রীকূল এলাকার বাসিন্দা কুলদীপ বড়–য়া। ওই এলাকার লালচিং ও সাদাচিং বিহারসহ চারটি মন্দিরে আগুন দিয়েছিল হামলাকারীরা। বিহারগুলো পুণর্নির্মাণের পর এখন চলছে শেষ মুহূর্তের কাজ।
“নতুন করে মন্দির হয়েছে ঠিকই। সেই ছোটবেলা থেকে দেখে আসা পুরনো মন্দিরতো আর ফিরে পাব না।”
সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ঘটনার পর থেকে প্রশাসনের উদ্যোগ ছিল প্রশংসনীয়। অন্য ধর্মাবলম্বীরাও সহানুভূতি দেখিয়েছেন। আর তারা নিজেরাও স্বাভাবিক হবার চেষ্টা করছেন।
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, “গত সেপ্টেম্বরে যা হয়েছে তাতে প্রকৃতিগতভাবে এ অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের মনে বড় ধরণের ছাপ পড়েছে। এতো সহজে তা কাটিয়ে ওঠা সম্ভব নয়।”
ঘটনার পর প্রায় এক বছরেও প্রকৃত দোষীরা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রজ্ঞানন্দের মতে, বিচার না পাওয়ার বিষয়টি আস্থা ফেরার পথে একটি বড় বাধা।
রামুর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রী ভিক্ষু বলেন, “প্রশাসনের পক্ষ থেকে মন্দির সংস্কার ও পুণর্নির্মাণ করে দেয়া হয়েছে। যতটুকু ক্ষতি হয়েছে কোনো কোনো মন্দিরে তার চেয়ে বেশিই দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত হামলাকারী ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা যায়নি।”
তবে বুদ্ধের বাণী থেকেই নতুন করে বাঁচার প্রেরণা খুঁজছেন রামু এলাকার শ্রীকূল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রবীণ ধর্মগুরু উ ছেকাচারা মহাস্থবির।
তিনি বললেন, “দু:খ-সুখ আমাদের নিত্য সহচর। সংস্কার অনিত্য, জীবনের পথে অনেক কিছুই মেনে নিতে হবে।”
সেদিন রাতের ধ্বংসযজ্ঞের কথা মনে করে ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুর চোখ ঝাপসা হয়ে আসে। তিনি বলেন, “তারা মিথ্যা আক্রোশের বশে এ ঘটনা ঘটিয়েছে। একদিন যা বিলীন হবে আবার তা নতুন করে হবে। জীবনে চলার পথে আমাদের তা মেনে নিয়েই এগোতে হবে।”
রামু উপজেলায় ত্রিশ হাজারের মতো বৌদ্ধ ধর্মাবলম্বীর বসবাস। এখানে ছোট-বড় মিলিয়ে ২৪টি বৌদ্ধ বিহার রয়েছে, যার মধ্যে ১২টিতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় গত বছর ২৯ সেপ্টেম্বর রাতে।
এর বাইরে উখিয়া ও কক্সবাজার সদর উপজেলায় আরো সাতটি বৌদ্ধ বিহারে হামলা হয়। এ ঘটনার রেশ ধরে একদিন পরে ভাংচুর করা হয় পটিয়ার কোলাগাঁও এলাকার দুটি বৌদ্ধ বিহার ও দুটি হিন্দু মন্দির।
উখিয়া উপজেলার সংস্কার করা বিহারগুলো হলো- পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধ বিহার, পশ্চিম রত্না সুদর্শন বৌদ্ধ বিহার, রেজারকূল সদ্ধর্মবিকাশ বৌদ্ধবিহার, রাজাপালং জাদি বৌদ্ধবিহার, রাজাপালং খয়রাতি বৌদ্ধ বিহার ও জালিয়াপালংয়ের পাইন্যাশিয়া বৌদ্ধ বিহার।
এছাড়া কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ধর্মজ্যোতি বৌদ্ধবিহারও সংস্কার করা হয়েছে।
মেরংলোয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় পুড়িয়ে দেয়া ২৬টি বসতঘরও নতুন করে তৈরি ও সংস্কার করে দিয়েছেন বিজিবি সদস্যরা।
