২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের দাঁড় করানোয় ক্ষোভ মন্ত্রীর

অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন যোগযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার যশোরের কেশবপুরে কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মন্ত্রীকে খুশি করা জনগণের কাজ নয়। মন্ত্রীর কাজ জনগণকে খুশি করা।

“মন্ত্রীকে খুশি করার জন্য বাচ্চাদের রাস্তার পাশে দাঁড় করিয়ে ফুল ছিটানো পছন্দ করি না। শোকের মাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ঠিক হয়নি,” বলেন তিনি।

ঈদে ঘরমুখো মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার কথা উল্লেখ করে কাদের বলেন, সড়কের জন্য মানুষকে দুর্ভোগে পড়তে হয়নি। কিন্তু ঈদ পরবর্তী হরতালে কারণেই ৪৮ ঘণ্টার দুর্ভোগে পড়তে হয়েছে মানুষকে।

তিনি বলেন, “গতকাল (শুক্রবার) কয়েকটি টেলিভিশনের স্ক্রলে বলা হয়েছে আগামী দুমাসের মধ্যেই পদ্মাসেতুর কাজ শুরু হবে। কিন্তু আমি এমন কথা বলিনি। আমি তো উন্মাদ নই।

“আমি বলেছি পদ্মাসেতুর কাজ চলমান রয়েছে। টেন্ডার আহবান করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করেছে। যাচাইবাছাই করে সিদ্ধান্ত নেবে। কিন্তু বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করে আমাকে হতাশ করা হয়েছে।”

জনগণের জন্য কাজ করতেই তিনি শক্রবার ও শনিবার ছুটি ভোগ করেন না। মন্ত্রী হওয়ার পর মাত্র একবার মালেশিয়া যাওয়া ছাড়া কোনো বিদেশ সফর করেননি বলে জানান তিনি।

কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আমির হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর- ৫ আসনের সাংসদ খান টিপু সুলতান, যশোরের অতিরিক্ত জেলা শাসক জহুরুল হক, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।

সকালে কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।