যশোরে সড়ক অবরোধ
শ্রমিকদের অবরোধে যশোর-সাতক্ষীরা সড়কে শনিবার সকালে তিন ঘণ্টা বন্ধ ছিল গাড়ি চলাচল। এর ফলে ঈদফেরত যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।
এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকালে ৮টার দিকে মনিরামপুর বাজারে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
এই প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েকশ যানবাহন সড়কে আটকা পড়ে।
শ্রমিক নেতার মুক্তির আশ্বাস পেয়ে সকাল ১১টার দিকে অবরোধ তুলে নেয়া হয় বলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে মনিরামপুর থানা পুলিশ শ্রমিক সমিতির নেতা আশরাফুজ্জামান লাভলুকে আটক করে। তার মুক্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল।
