২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিরপুরে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 06:44 PM

শনিবার ভোরে পূর্ব মনিপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ।

নিহতের নাম- মো. সোহেল (২৩)। গণপিটুনিতে বাবু (২২) ও ইউসুফ (২৩) তার দুই সঙ্গীও আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বাড়িতে ডাকাতির পর জনতা ধাওয়া করে এই তিনজনকে ধরে মারধর করে।

ভোরে বগুড়া থেকে ফিরে এক দম্পতি পূর্ব মনিপুরে নিজেদের বাড়িতে ঢুকে সাত/আটজন ডাকাতের কবলে পড়েন।

ওসি বলেন, পাঁচতলা ওই বাড়ির নিচতলায় লুকিয়ে থাকা ডাকাতরা সিঁড়িতে ওই দম্পতিকে অস্ত্রের মুখে আটকে স্বর্ণের চেন, মোবাইল ফোন সেট ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

ডাকাতরা পালানোর সময় ওই দম্পতি চিৎকার করলে এলাকার লোকজন বেরিয়ে এসে রাস্তায় তিনজনকে ধরে গণপিটুনি দেয়।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।

গণপিটুনির স্বীকার তিনজনের কাছে কোনো আগ্নেয়াস্ত্র বা লুট হওয়া কোনো জিনিস পাওয়া যায়নি বলে ওসি জানান।