খালেদাকে শুভেচ্ছা জানালেন ছেলে-নাতনিরা
জন্মদিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বিদেশে অবস্থানরত তার নাতনিরা।
বৃহস্পতিবার ভোরে টেলিফোনে ‘হ্যাপি বার্থ ডে দাদু’ বলে খালেদাকে শুভেচ্ছা জানান তার নাতনি জাইমা, জাফিয়া ও জাহিয়া।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ৬৯ বছরে পা দিলেন। ১৯৪৫ সালে তার জন্ম। তবে ১৫ অগাস্টে তার এই জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে।
খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্মদিনের প্রথম প্রহরে লন্ডন থেকে জাইমা এবং ব্যাংকক থেকে জাফিয়া ও জাহিয়া ম্যাডামকে উইস করেছেন।”
এছাড়া জাইমার বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমান এবং জাফিয়া ও জাহিয়ার বাবা আরাফাত রহমান কোকো ও মা তাব্বাসুম রহমান সিথিও টেলিফোনে ম্যাডামের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান তিনি।
২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য বিদেশে যান তারেক ও কোকো। এরপর থেকে তারা আর দেশে ফেরেননি। একটি মামলায় কোকোর দণ্ড হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
এদিকে বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, প্রতি বছরের মতো এবারো নিভৃতে পারিবারিকভাবে জন্মদিন পালন করেন বিরোধী দলীয় নেতা।
জন্মদিন উপলক্ষে সকালে তার গুলশানের বাসায় দোয়া মাহফিল হয়। আত্মীয়-স্বজনরা বাসায় এসে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
