২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবসে সর্বধর্ম প্রার্থনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করে সাংবাদিক সমাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তাদের  আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ করেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান, বাইবেল থেকে ফাদার পাঠ করেন এল  এন গোমেজ, ত্রিপিটক থেকে পড়ে শোনান কমলাপুর বৌদ্ধ বিহারের কলিতো ভিক্ষু এবং ইঞ্জিনিয়ার মানস মিত্র গীতা পাঠ করেন।

ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে মাওলানা জিয়াউল হাসান প্রার্থনা পরিচালনা করেন।

সাংবাদিক রাহাত খান ও বেবী মওদুদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, হাসান শাহরিয়ার ও মাহমুদ হাসান সাংবাদিক সমাজ আয়োজিত এ প্রার্থনা সভায় অংশ নেন।

প্রার্থনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বাংলার মাটি বাংলার জল’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

৩৮ বছর আগে এই দিনে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারান তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের।

ধানমণ্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়।

সেই রাতে আরো নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু।