২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সাতক্ষীরায় গ্রেপ্তার ১৪

হরতালে নাশকতার চেষ্টা করায় সাতক্ষীরায় ১৪ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার সাতক্ষীরা সদর থেকে ৩ জন, কালিগঞ্জ উপজেলায় ২ জন, দেবহাটায় ৩ জন ও আশাশুনি উপজেলা থেকে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তফা কামাল বলেন, হরতালের সমর্থনে সকালে শহরের তালতলা এলাকায় সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।

এ সময় তিনজন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া, কালিগঞ্জ উপজেলার কাজলা এলাকা থেকে ২ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি আব্দুল বারী বলেন, উপজেলার সখিপুর ও পারুলিয়ায় হরতালে পিকেটিং এর সময় ৩ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি ফরিদউদ্দীন।