২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশ-জামায়াত সংঘর্ষে আহত ৩০

লক্ষ্মীপুরের রায়পুরে জেলা প্রশাসনের এক কর্মকর্তার গাড়িতে হামলার পর জামায়াত-শিবিরকর্র্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার দুপুর থেকে বিকাল পর‌্যন্ত রায়পুর উপজেলা ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

এদের মধ্যে গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে দাবি করেছে জামায়াত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন ফরিদগঞ্জে যাওয়ার পথে জামায়াত-শিবির কর্মীরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে পুলিশ ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে। এ সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে।

আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক।

বুধবার দুপুর থেকে প্রায় বিকাল পাঁচটা পর্যণ্ত এ সংঘর্ষ হয়।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশকে দুই শতাধিক শটগানের গুলি, ৪০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং ২২ রাউন্ড পিস্তলের গুলি নিক্ষেপ করতে হয়েছে।

জামায়াত-শিবিরের হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনসহ ৩ পুলিশ সদস্য  আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারি দাবি করেন, হামলায় তাদের ৩০ কর্মী আহত হয়েছেন। গুলিবিব্ধ শিবির নেতা নাছির উদ্দিনসহ ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আহতদের মধ্যে রয়েছে, রায়হান, শাহীন, আরিফ, মুরাদ, ওমর ফারুক, সোফিয়ান, ইয়ামিন ও মাহবুব।