হজে মানব পাচার রোধে টাস্কফোর্স
হজের সময় মানব পাচার রোধে টাক্সফোর্স গঠন করবে সরকার। বুধবার সচিবালয়ের সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কেউ যেন হজে যেতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। হজযাত্রীদের বয়স, কার সঙ্গে হজে যাচ্ছেন এবং তাদের শারীরিক ক্ষমতা- এসব বিষয় দেখবেন তারা।
“হজের সময় যেন মানব পাচার না হয় সেজন্য টাক্সফোর্সের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। গত বছর হজ ব্যবস্থা সুষ্ঠু হলেও কিছু অসাধু হজ এজেন্সির মালিক সমস্যা সৃষ্টি করেছিল। এবার যাতে এ ধরনের সমস্যা না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।”
আগামী ৭ সেপ্টম্বর থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে সচিব বলেন, ১৯ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ৫৯০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৮৯ জন হজে যাবেন।
গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৬ হাজার ৬৮০ জন হজে গিয়েছিলেন। এ হিসাবে বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজযাত্রী কমেছে ১৯ হাজার ৯০ জন।
আউয়াল বলেন, সৌদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত পাঁচ বছর যারা হজে গেছেন, এবার তারা যেতে না পারায় হজযাত্রী কমেছে।
এছাড়া মক্কা-মদিনায় হজ সংশ্লিষ্ট কিছু স্থাপনায় সংস্কার কাজ চলায় সৌদী সরকার এবার হজ করতে ২০ শতাংশ মানুষকে কম নেয়ার সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে হজযাত্রী কমেছে বলে জানান সচিব।
তিনি বলেন, এবার বাংলাদেশ বিমান ৫০ শতাংশ হ্জযাত্রী এবং বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে।
ইতোমধ্যেই হজযাত্রীদের ফ্লাইট শিডিউল ঠিক হয়ে গেছে উল্লেখ করে আউয়াল বলেন, তাদের চিকিৎসা সেবা এবং বাড়ি ভাড়া নিয়েও কোনো জটিলতা হবে না বলে আশা করছি।
আগামী ৩-৪ সেপ্টেম্বর হাজীরা আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করবেন জানিয়ে তিনি বলেন, ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পের উদ্বোধন করবেন।
সভায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ধর্মসচিব।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে হজ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, আশকোনা হজ অফিসের পরিচালক ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
