চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল, আটক ২
চট্টগ্রামে হরতালে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- জামায়াত কর্মী মো. সেলিম (৫২) এবং শিবির কর্মী মহসিন (২০)।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ জানান, বুধবার সকালে নগরীর চামড়া গুদাম এলাকায় হরতাল সমর্থকরা ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তখন তাদের ধাওয়া দিয়ে সেলিমকে আটক করা হয়।
অার এ ঘটনায় জড়িত অভিযোগে মহসিনকে নগরীর চন্দনপুরা থেকে আটক করা হয়।
এছাড়া সকালে নগরীর কদমতলী ও বাদুরতলা এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ তা নাকচ করেছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) শাহ আবদুর রউফ বলেন, সেখানে হাতবোমা ফাটানো হয়নি। কয়েকজন শিবির কর্মী রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতার চেষ্টা করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতালে নগরী থেকে দূর পাল্লার কোনো যান ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে অনেকটা স্বাভাবিকের মতোই গাড়ি চলাচল করছে। রিকশা, অটোরিকশার পাশাপাশি গণপরিবহনও চলতে দেখা যায়।
সরকারি অফিস-আদালত এবং ব্যাংক-বীমায়ও স্বাভাবিক কার্যক্রম চলে।
